বলাগড়: আসন্ন ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বলাগড় বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করেছেন বিজেপি মনোনীত প্রার্থী তথা এলাকার ভূমি কন্যা সুমনা সরকার। সোমবার দিগসুই-হোয়েড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গান্নেগড় গ্রামে দিনভর এক অভিনব প্রচার অভিযান চালান তিনি।
এদিন গান্নেগড় গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষের ঘরে ঘরে গিয়ে তাঁদের সাথে সরাসরি কথা বলেন বিজেপি প্রার্থী। জনসংযোগের মাঝেই তিনি তুলে ধরেন সাম্প্রতিক সময়ের এক বিতর্কিত ইস্যু। অভিযোগের সুরে সুমনা সরকার দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানিত করেছেন, তা আদিবাসী সমাজের কাছে অত্যন্ত অসম্মানজনক। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন, “বিজেপি সরকার ক্ষমতায় এলে আদিবাসী সমাজকে তাঁদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান দেওয়া হবে।”
এদিন সাধারণ মানুষের সাথে কথা বলার সময় উঠে আসে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও কৃষকদের দুরবস্থার প্রসঙ্গ। বিশেষ করে আলুর দাম বৃদ্ধি ও চাষীদের লোকসান নিয়ে গ্রামের মানুষের কাছ থেকে সরাসরি অভিযোগ শোনেন তিনি। স্থানীয় কৃষকদের আশ্বস্ত করে সুমনা দেবী বলেন, “আমাদের সরকার ক্ষমতায় এলে চাষীদের এই শোচনীয় অবস্থা আর থাকবে না। ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে আনা হবে।”
গ্রামের মন্দিরে পুজো দিয়ে শুরু করা এই প্রচার অভিযানে আদিবাসী মহিলাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এলাকার ভূমি কন্যাকে কাছে পেয়ে নিজেদের অভাব-অভিযোগ জানাতে পেরে খুশি গান্নেগড় গ্রামের বাসিন্দারাও। জনমতের এই স্বতঃস্ফূর্ত সাড়া বিধানসভা নির্বাচনে বিজেপির পালে হাওয়া কাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল

