বুধবার পান্ডুয়া সুপার মার্কেট চত্বরে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
পান্ডুয়া ব্লক INTTUC-র সভাপতি দীপায়ন চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশে নির্বাচন কমিশন বর্তমানে ভোটার তালিকার যে বিশেষ সংশোধন বা ‘SIR’ (Special Intensive Revision)-এর কাজ চালাচ্ছে, তা আদতে একপেশে এবং পক্ষপাতদুষ্ট। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ না করে সরাসরি কেন্দ্র সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে, যার ফলে বহু সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দীপায়নবাবু আরও বলেন, “একদিকে যেমন গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে, অন্যদিকে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের বেছে বেছে টার্গেট করে আক্রমণ চালানো হচ্ছে। এই দ্বিবিধ অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই লড়াই।”
দলীয় সূত্রের খবর, ২৫শে ফেব্রুয়ারি পান্ডুয়া সুপার মার্কেটের থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হবে। বাইক র্যালিটি পান্ডুয়া সুপার মার্কেট থেকে শুরু হয়ে বৈঁচি চারাবাগান পর্যন্ত যাবে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্লকের শ্রমিক সংগঠনের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবাদ সভায় স্থানীয় নেতৃত্ব ছাড়াও বহু তৃণমূল কর্মী-সমর্থক ও বাইক আরোহী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

