শতাধিক বিজেপি কর্মী এবং সিপিআইএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধান যোগ দিল তৃণমূলে , নিজেদের ঘরের লোককেই তৃণমূলে যোগদান করাচ্ছে পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি বিধায়কের ।
মঙ্গলবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে । সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।এইরকম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইন্দাস ব্লকে বিজেপিতে ভাঙন ধরালো ।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । এছাড়াও ইন্দাস দুই নম্বর মন্ডলের বিজেপির সভাপতির ভাই ও আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রিনা রং সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ । আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে আরো বেশি মজবুত করলো এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।
যোগদান কারীদের মধ্যে ইন্দাস দুই নম্বর মন্ডলের বিজেপির সভাপতি বিপ্রদাস অধিকারীর ভাই দেবদাস অধিকারী এবং আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধান রিনা রং বলেন , বিজেপি এবং সি পি আই এম এলাকার কোন উন্নয়ন করতে পারছে না । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার উন্নয়ন করছেন তাই আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।
এই যোগদান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে শাসকবিরোধী রাজনৈতিক তরজা । ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন , প্রত্যেকটা রাজনৈতিক দলের একটাই উদ্দেশ্য হওয়া উচিত তা হল উন্নয়ন । কিন্তু বিজেপি এলাকায় কোন উন্নয়ন করতে পারেনি মানুষের কাজ করার উদ্দেশ্যেই তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ।
ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা এই যোগদান কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন । তিনি বলেন , এখন বিজেপির পরিবর্তন যাত্রার হাওয়া চলছে তৃণমূল নিজেদের ঘরের লোককেই যোগদান করিয়ে দেখাচ্ছে । তৃণমূলের কথা এখন মানুষ বিশ্বাস করে না । এই সময়ে বিজেপি ছেড়ে তৃণমূলে কেউ যাবে না বলেই তিনি দাবী করেন ।

