আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। শীর্ষ আদালতের নির্দেশের পরই এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
নির্বাচন পরিচালনার রূপরেখা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠকে একদফায় ভোটের প্রস্তাব তুলে ধরেছেন বলে জানা যাচ্ছে। যদিও নির্বাচন কমিশন এখনও একাধিক বিকল্প—দুই বা তিন দফায় ভোট আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখছে।
নিরাপত্তাই মূল ফ্যাক্টর
নির্বাচনের দফা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা ও নিরাপত্তা পরিস্থিতি। কোন এলাকায় কত বাহিনী প্রয়োজন, কোথায় ঝুঁকি বেশি—এই সব বিষয় খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিক আলোচনায় উত্তরবঙ্গ থেকে ভোট শুরু হয়ে দক্ষিণবঙ্গে একাধিক দফায় ভোট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কমিশন।
নতুন সূচি অনুযায়ী—
১৪ ফেব্রুয়ারির মধ্যে শুনানি প্রক্রিয়া সম্পন্ন
২১ ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাই
২৫ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রের পুনর্বিন্যাস
২৭ ফেব্রুয়ারি নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রস্তুতি
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
উল্লেখযোগ্যভাবে, বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। তার আগেই পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়েই প্রস্তুতিতে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন।

