বোরো বাঁধ নির্মাণ করতে না পারার অভিযোগ তুলে চাষীদের স্বার্থে বিক্ষোভে নামলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। বুধবার খানাকুলে পথ অবরোধ করে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
বিধায়ক সুশান্ত ঘোষ বলেন,
“আপনারা সকলেই জানেন, এই সরকার মেলা–খেলা–উৎসব আর ভাতা বিলিতেই ব্যস্ত। তার ফল ভোগ করছেন খানাকুলের কৃষকরা। প্রতি বছরই এখানকার চাষীরা সমস্যায় পড়েন। মুন্ডেশ্বরী নদীর শোশাপাতা এলাকায় যে বোরো বাঁধের কাজ জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল, জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি পড়লেও এখনও সেই কাজ সম্পূর্ণ হয়নি।”
তিনি আরও বলেন,
“এর জেরে একদিকে আমতার চাষীরা সমস্যায় পড়েছেন, অন্যদিকে হুগলির খানাকুলের চাষীরাও চরম সংকটে। এই দুটি এলাকার কৃষকদের ফসল প্রায় প্রতি বছরই বন্যায় নষ্ট হয়ে যায়। তাই বোরো চাষের উপর নির্ভর করেই তাঁদের সংসার চলে, খাবার জোটে। কিন্তু সরকার যেন চাষীদের পেটে লাথি মারতে চাইছে।”
মাধ্যমিক পরীক্ষার সময়েও বাধ্য হয়ে অবরোধে নামতে হয়েছে বলে জানান বিধায়ক। তিনি বলেন,
“আজকের এই অবরোধ শুধুমাত্র খানাকুলের চাষীদের জন্য। আমাদের বিজেপির বিধায়ক আছেন, মণ্ডল সভাপতি সহ সমস্ত মণ্ডলের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। সকলেই একসঙ্গে এই আন্দোলনে শামিল হয়েছি।”
হুঁশিয়ারি দিয়ে সুশান্ত ঘোষ বলেন,
“আগামী দু-চার দিনের মধ্যে যদি বোরো চাষের জন্য পর্যাপ্ত জল না আসে এবং সম্পূর্ণ ব্যবস্থা না করা হয়, তাহলে সারা খানাকুল, আরামবাগ মহকুমা থেকে আমতা—সব জায়গাতেই এই আন্দোলন ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়া হবে।”
এই বিক্ষোভকে ঘিরে খানাকুল জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে

