মায়ের দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল ২১ বছরের এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের বাতানোল এলাকায়। মৃত যুবকের নাম রিতম গঙ্গোপাধ্যায়। তিনি পেশায় একটি পোল্ট্রি ফার্মের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রিতমের মায়ের সঙ্গে পাড়ারই এক প্রতিবেশীর প্রায় আট বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে রিতম। অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় রিতমের উপর শারীরিক ও মানসিক অত্যাচারও করা হতো। রিতমের বাবা কর্মসূত্রে কলকাতায় থাকেন।
পরশু দিন বিকেল প্রায় ৩টা নাগাদ মানসিক চাপে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে রিতম। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়িতে পৌঁছাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রিতমের মৃত্যুর জন্য তার মাকেই দায়ী করে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মৃত যুবকের মাকে আটক করেছে পুলিশ।
বর্তমানে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

