সকালবেলা মানে একটা আলাদা অনুভূতি। আর যদি সেটা শিলিগুড়ির বাঘাযতীন পার্ক হয় তবে তো ব্যাপারই আলাদা। সকাল থেকে মানুষ এখানে চলে আসেন ভোরের তাজা নিঃশ্বাস নিতে। কি পুরুষ কি মহিলা সবাই এখানে আসতে ভালোবাসেন, বাঘাযতীন পার্ক যেন সকালে একটা অন্য রূপ নেয়। চারিদিকে রবীন্দ্র সংগীত চলছে, বয়স্করা বসে আছেন, এবং কম বয়সীরা কেউ খেলাধুলা করছেন আবার কেউ ব্যায়াম করছেন। এখানে একটা লাফিং ক্লাব ও আছে, যেখানে সবাই হাসতে আসেন। এখন হাসাও একটা কাজের মধ্যেই পড়ে। মানুষ এমনি এমনি হাসতে পারে না, সব মিলিয়ে বাঘাযতীন পার্ক সকালে যেন একটা অক্সিজেনের ঘর তৈরি হয়। মানুষ এটুকু বুঝতে পেরেছেন ভোরবেলা এসে শুদ্ধ বাতাস নিলে শরীর মন সবই ভালো থাকবে। আর তার জন্য বাঘাযতীন পার্কের থেকে আর ভালো কোনটাই নয়।

