আগে জীবন বাঁচান, পরে ভোট নেবেন”—এই স্লোগানকে সামনে রেখে নদী বাঁধ সংস্কারের দাবিতে বুধবার উত্তাল হয়ে উঠল হুগলি জেলার পুড়শুরা ব্লকের ভেঁউটিয়া গ্রাম। ব্যানার ও হাতে লেখা পোস্টার নিয়ে নদী বাঁধ সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করেন এলাকার মানুষজন।
বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, “নদী সুরক্ষা মানে শুধু খনন নয়”। ছোট ছোট পোস্টারে উঠে আসে দীর্ঘদিনের ক্ষোভ—“বাঁধ সুরক্ষা না করে খনন নয়”, “দশ বছরের বেশি সময় ধরে নদী বাঁধে কোনও মাটি ফেলা হয়নি”। কচিকাঁচা থেকে শুরু করে মহিলা, পুরুষ ও প্রবীণ—গ্রামের সর্বস্তরের মানুষ এই মিছিলে অংশ নেন।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী বাঁধ সংস্কার না হওয়ায় প্রতি বর্ষায় এলাকা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে। জল ঢুকে পড়ে বাড়িঘরে, ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি, ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। গ্রামের মহিলাদের আরও অভিযোগ, এই স্থায়ী বন্যা সমস্যার কারণে অন্য এলাকার মানুষজন এখানে বিয়ে দিতেও আপত্তি জানাচ্ছেন।
বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত নদী বাঁধ মেরামতের কাজ শুরু না হলে তাঁরা আসন্ন বিধানসভা নির্বাচন বয়কট করবেন। সরকারের কাছে তাঁদের একটাই দাবি—ভোটের আগে নদী বাঁধ সংস্কার, তবেই স্বস্তি পাবে ভেঁউটিয়া গ্রাম।

