মঙ্গলবার সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়ল জেলায় জেলায়। আরামবাগ মহকুমা জুড়ে দেখা গেল একই চিত্র।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর ডাকে এই সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে।
এই ধর্মঘটের মূল দাবি—ব্যাঙ্ক কর্মীদের জন্য অবিলম্বে সপ্তাহে পাঁচ দিন কাজের ব্যবস্থা চালু করা। ব্যাঙ্ক ইউনিয়নের দাবি, এই দাবি দীর্ঘদিনের হলেও এখনও তা কার্যকর হয়নি।
এর আগে ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ ছিল। এরপর শনিবার চতুর্থ শনিবার, রবিবার এবং ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস—টানা ছুটির পর মঙ্গলবারের ধর্মঘটে গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে।
ব্যাঙ্ক ইউনিয়ন সূত্রে জানা গেছে, ২৩ শে জানুয়ারি মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে ব্যাঙ্ক ইউনিয়নগুলির বৈঠক হলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। আলোচনায় দাবি মানা না হওয়ায়, ৯টি ব্যাঙ্ক ইউনিয়নের যৌথ মঞ্চ UFBU এই ধর্মঘটের ডাক দেয়।
এর জেরে আরামবাগ মহকুমার বিভিন্ন ব্যাঙ্ক শাখার সামনে ভিড় জমালেও পরিষেবা না পেয়ে সমস্যায় পড়েন সাধারণ গ্রাহকরা। নগদ লেনদেন থেকে শুরু করে চেক সংক্রান্ত কাজ—সবেতেই চরম ভোগান্তির ছবি ধরা পড়েছে।
ব্যাঙ্ক কর্মীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেই জানিয়েছে ইউনিয়ন নেতৃত্ব

