• Mon. Feb 9th, 2026

ত্রিবেণীতে ঐতিহ্যবাহী কুম্ভ মেলা: পঞ্চম বর্ষে পদার্পণ, কড়া নিরাপত্তায় প্রশাসন

BySS Bangla News

Feb 6, 2026

হুগলি জেলার ঐতিহাসিক ত্রিবেণীতে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত কুম্ভ মেলা। প্রায় ৭০২ বছর পর পুনরায় শুরু হওয়া এই কুম্ভ মেলা এবার পঞ্চম বছরে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে এবং ভিড় দিন দিন আরও বাড়ছে।
আগামী ১১ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কুম্ভ মেলা। গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে পুণ্যস্নানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের ভিড় ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে।
পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া ও ব্যাপক ব্যবস্থা। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসানো হয়েছে আধুনিক সিসিটিভি ক্যামেরা, মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী ও বিশেষ নজরদারি টিম। এছাড়াও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল টিম ও দমকল বাহিনী।
আজ মেলার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কমনাসিস সেন সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন এবং শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করার বিষয়ে জোর দেন।
পুলিশ সুপার জানান, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সার্বক্ষণিক নজরদারি চালানো হবে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের মিলনস্থল এই ত্রিবেণীর কুম্ভ মেলা প্রতি বছরই মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও ভক্তির আবহ তৈরি করে। এবারও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই মহাযজ্ঞ সম্পন্ন হবে বলেই আশাবাদী প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন