ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার রাতে একটি বহুতল আবাসনের নিচ থেকে উদ্ধার হয় দেহ। মৃতার নাম মন্দিরা পাল (২৪)। বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। তিনি মলানদিঘীর একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে তার কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে পুলিশকে জানান। পুলিশ আবাসনের বাইরে থেকে উদ্ধার করে মন্দিরার দেহ। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। প্রাথমিকভাবে অনুমান, বহুতল আবাসন থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই নার্সের। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, না কি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত শুরু হয়েছে। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি আবাসনের বাসিন্দা ও সহকর্মীদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিষ্ণুপুরে তাঁর বাড়িতেও। এদিকে মৃতার মামা মনোতোষ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “এটা স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত।” হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ডা. রাজশ্রী গুপ্তা জানান,”অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পুলিশকে সব তথ্য দিয়েছি। কি কারনে মৃত্যু পুলিশ তদন্ত করে দেখছে।”

