• Tue. Aug 4th, 2026

সাতগেছিয়ায় গৃহস্থের কলতলায় বিশালাকার কচ্ছপ! চাঞ্চল্য এলাকা জুড়ে, উদ্ধার করল বনদপ্তর

মঙ্গলবার সকালে মেমারি দু’নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঠালিয়া গ্রামে এক গৃহস্থের বাড়ি থেকে বিশালাকার পূর্ণবয়স্ক কচ্ছপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল সমগ্র এলাকায়। খবর পেয়ে পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কাঠালিয়া গ্রামের বাসিন্দা সমর আচার্য তাঁর নিজের বাড়ির কলতলায় আচমকাই একটি বড় আকারের কচ্ছপ দেখতে পান। সাতসকালে লোকালয়ে এত বড় কচ্ছপ দেখে পরিবারের সদস্যরা তাজ্জব হয়ে যান। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়তেই কচ্ছপটিকে একঝলক দেখার জন্য সমরবাবুর বাড়িতে উৎসাহী গ্রামবাসীদের ভিড় জমে যায়।
পরিস্থিতি সামাল দিতে এবং প্রাণীটির নিরাপত্তার কথা ভেবে সমরবাবুর পরিবারের তরফ থেকে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর পর পুলিশের পক্ষ থেকে মেমারি বনদপ্তরে তৎক্ষণাৎ যোগাযোগ করা হয়।
সংবাদ পেয়ে বনদপ্তরের আধিকারিকরা কাঠালিয়া গ্রামে আসেন এবং কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যান। উদ্ধারকারী বনদপ্তরের এক আধিকারিক জানান, উদ্ধার হওয়া প্রাণীটি স্থানীয় দেশীয় প্রজাতির একটি পূর্ণবয়স্ক কচ্ছপ। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় থেকে দুই কিলোগ্রাম।
কচ্ছপটি কোথা থেকে এবং কীভাবে ওই গৃহস্থের বাড়িরে এল, তা নিয়ে জল্পনা চলছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কচ্ছপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে বা কোনো সুরক্ষিত জলাশয়ে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন