বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং কোতুলপুর থানার ব্যবস্থাপনায় আজ কোতুলপুর এলাকায় অনুষ্ঠিত হল ‘সেভ লাইফ, সেভ ড্রাইভ’সচেতনতামূলক কর্মসূচি। পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।এদিন কোতুলপুর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে ছিল ‘সেভ লাইফ, সেভ ড্রাইভ’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। তারা পথচারী ও সাধারণ মানুষের কাছে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বার্তা পৌঁছে দেয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনা রোধ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। র্যালিটি কোতুলপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সৌমেন ভট্টাচার্য, কোতুলপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয় এবং নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে যেমন সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও সড়ক নিরাপত্তা সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে যায়।

