কলকাতা শহরের কোথায় গাড়ি পার্কিং করবেন? মন্ত্রীর ঘোষণা এড়িয়ে গেলে বিপদে পড়বেন
কলকাতা শহরে, গাড়ি পার্কিংয়ের সমস্যা দীর্ঘদিনের, বারবার সেই অভিযোগ উঠেছে। এবার এই বেআইনি পার্কিংয়ে লাগাম টানতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর পথে কলকাতা পুরসভা। শহরের নির্দিষ্ট এলাকায় লিগ্যাল পার্কিং চিহ্নিত করে ডিমার্কেশন করা হবে। কোন জায়গায় বৈধভাবে গাড়ি রাখা যাবে, তা স্পষ্ট করে দেওয়া হবে।
এর পাশাপাশি চালু করা হবে একটি বিশেষ পার্কিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গাড়িচালকরা জানতে পারবেন, শহরের কোথায় পার্কিংয়ের জায়গা খালি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ অক্টোবরের মধ্যে অ্যাপটি চালু করার লক্ষ্য রয়েছে। ফলে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পার্কিংয়ের জায়গা খুঁজতে গিয়ে অযথা সময় নষ্ট করতে হবে না।
বেআইনি পার্কিং শনাক্ত করতে ব্যবহার করা হবে AI-ভিত্তিক CCTV ক্যামেরা। ক্যামেরার মাধ্যমে নির্দিষ্ট এলাকায় নিয়মবহির্ভূতভাবে পার্ক করা গাড়ির উপর নজরদারি চালানো হবে। নিয়ম ভাঙলে জরিমানার ব্যবস্থাও থাকবে। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘এআই দেওয়া সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করছি। এটা এআই-এর যুগ। সিসিটিভি ক্যামেরাতে এআই ইন্ট্রিগ্রেটেড থাকলে, গাড়ির সব তথ্য চলে আসবে।’
একইসঙ্গে মন্ত্রী জানান, পার্কিং সংক্রান্ত জরিমানা আদায়ের দায়িত্বে থাকবে কলকাতা পুরসভা, অর্থাৎ, নির্দিষ্ট নিয়ম না মেনে গাড়ি পার্ক করলে প্রযুক্তির মাধ্যমে তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পুরসভা সূত্রে খবর, এই ব্যবস্থার মূল লক্ষ্য হল শহরের রাস্তায় যানজট কমানো, বেআইনি পার্কিং বন্ধ করা এবং পার্কিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করা। নতুন অ্যাপ ও AI CCTV ব্যবস্থা কার্যকর হলে কলকাতার পার্কিং ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

