হেলমেট ছাড়া বাইক চালানোর সময় থামিয়ে লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি মারার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় রক্তাক্ত হন ট্রাফিক ওসি আজমল হোসেন। তাঁর নাকে তিনটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি মালদার পুখুরিয়া থানার লগাম্বা এলাকায়। জানা গিয়েছে, লগাম্বা থেকে পুকুরিয়ার দিকে যাওয়ার পথে হেলমেটবিহীন একটি বাইকে থাকা দু’জনকে দাঁড় করান ট্রাফিক ওসি আজমল হোসেন। তাঁদের কাছে লাইসেন্স দেখতে চাইলে ওসির নাকের উপরে ঘুষি মারা হয় বলে অভিযোগ। এতে তিনি রক্তাক্ত হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দু’জনের বাড়ি পরানপুর এলাকায়। তাঁরা সম্পর্কে দাদা-ভাই। তাঁদের মধ্যে একজন অগ্নিবীর পদে কর্মরত বলেও জানা গিয়েছে।
এই ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

