- দুর্গাপুজো শেষ, লক্ষ্মীপুজোও শেষ। এবার দীপাবলির আলোয় কালীপুজোর প্রস্তুতি। শহরের অন্যান্য ক্লাবের মতো প্রস্তুতিতে পিছিয়ে নেই মাথাভাঙ্গার ঐতিহ্যবাহী সি টিম গ্রাউন্ড ক্লাবও।
আজ খুঁটি পুজোর মাধ্যমে প্যান্ডেলের কাজের শুভ সূচনা হল। শুভ সূচনা করেন ক্লাব সভাপতি শ্রী মনোজ ঘোষ মহাশয়। এদিন উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এবারে ক্লাবের পুজো ১৫ তম বর্ষে পদার্পণ করল। এবারের বিশেষ আকর্ষণ মায়াপুরের ইসকন মন্দির এবং আলোকসজ্জার চমক। পোস্টারে তেমনই উল্লেখ করা হয়েছে।
ক্লাব সূত্রে জানা গেছে, পুজোতে আরও বেশ কিছু চমক থাকবে। তবে সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ উদ্যোক্তারা। সময়ই কথা বলবে, যথাসময়ে দর্শকরা তা দেখতে পাবেন বলেই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।
পোস্টার অনুযায়ী, এবারের পুজোর উদ্বোধক হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক।
১৫ তম বর্ষে মায়াপুরের ইসকন মন্দির কতটা আকর্ষণীয় হয়ে ওঠে, এখন সেটাই দেখার।

