প্রাথমিক স্তরের পড়ুয়াদের শিক্ষার সুযোগ আরও প্রসারিত করতে বাঁকুড়া জেলায় নতুন করে আরও ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমোদন মিলেছে। ওই তালিকায় উল্লেখযোগ্যভাবে রয়েছে ইন্দাস ব্লকের আকুই-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আদিলপুর প্রাথমিক বিদ্যালয় সহ ৪টি স্কুলের নাম। এই খবর ঘিরে আদিলপুর এলাকার শিক্ষক, অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ ও আনন্দ।
এতদিন পঞ্চম শ্রেণিতে পড়াশোনার জন্য প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অন্য স্কুলে ভর্তি হতে হতো পড়ুয়াদের। অনেক ক্ষেত্রে নতুন স্কুলে যাতায়াত, দূরত্ব এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হতো অভিভাবকদের। এবার প্রাথমিক বিদ্যালয়েই পঞ্চম শ্রেণিতে পড়ার সুযোগ তৈরি হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
আদিলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনন্দা মন্ডল বলেন, স্কুলে পঞ্চম শ্রেণি চালু হচ্ছে বলে জেনেছি, তবে এখনও হাতে অর্ডার পাইনি। পঞ্চম শ্রেণি হলে একজন শিক্ষক ও একটি শ্রেণিকক্ষের প্রয়োজন হবে। বর্তমানে ৪ জন শিক্ষক থাকলেও একজন জিন্নারা প্রাথমিক স্কুলে আছেন। তাঁকে ফিরিয়ে দিলে স্কুল, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপকৃত হবেন। স্কুলের একদিকে বেড়ার মতো দেওয়া আছে, সেখানে পাকা পাঁচিলের ব্যবস্থা করলে ভালো।
অভিভাবক প্রিয়াঙ্কা পাল বলেন, ছেলেমেয়েরা পঞ্চম শ্রেণি পর্যন্ত এই স্কুলেই পড়তে পারবে, এটা খুবই ভালো লাগছে। এখানকার শিক্ষকরা খুব ভালো পড়ান। ২০২৭ সাল থেকে পঞ্চম শ্রেণি চালু হলে স্কুলের বিল্ডিং বাড়ানো ও পরিকাঠামো উন্নত করা এবং শিক্ষক দেওয়া দরকার। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকও এখানে হলে আরও ভালো হয়। কারণ এখন বাইরের স্কুলে যেতে বাস-রাস্তায় বাচ্চাদের পুরো ঝুঁকি থাকে, গ্রামের মধ্যে স্কুল হলে অভিভাবকরা চোখে চোখে রাখতে পারবেন।
আরেক অভিভাবক মৃত্যুঞ্জয় পাল বলেন, পঞ্চম শ্রেণি চালু হওয়ায় খুবই খুশি, খুব উপকার হবে। মাস্টারমশাইরা বাচ্চাদের ভালোভাবে গাইড করেন, পড়াশোনার দিকে যথেষ্ট নজর দেন। অভিভাবকরা সবাই মোটামুটি খুশি, কোনো অসুবিধা নেই। আদিলপুর স্কুলে ছাত্র সংখ্যা ভালো, অনেক স্কুলে যা নেই। পঞ্চম শ্রেণি এখানে হলে দূরের জায়গায় যেতে হবে না, কাছে হলে বাচ্চাদের জন্য আরও সুবিধা হবে, বাচ্চারা নিরাপদে থাকবে। এটা উচ্চমাধ্যমিক পর্যন্ত হলে আরও খুব ভালো হয়।
আদিলপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত হওয়ার খবরে খুশি শিক্ষক থেকে শুরু করে অভিভাবক সকলেই। তাঁদের মতে, একই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ তৈরি হলে ছোট ছোট পড়ুয়াদের শিক্ষাজীবনে ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি নতুন পরিবেশে স্কুল পরিবর্তনের চাপও অনেকটা কমবে।
শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। বাঁকুড়া জেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে পঞ্চম শ্রেণি চালুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপকৃত হবে বহু পড়ুয়া। সব মিলিয়ে এই সিদ্ধান্তকে ঘিরে আদিলপুর প্রাথমিক বিদ্যালয়-সহ সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয়েছে খুশির আবহ।

