গোপন সূত্রে খবর পেয়ে গরু পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল ঘাটাল থানার পুলিশ। অভিযানে একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৮টি গরু। ঘটনায় গাড়িচালক, গাড়ির মালিক-সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার সন্ধ্যায় ঘাটালের দেওয়ানচক গ্রাম পঞ্চায়েতের কালিচক এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, একটি গাড়িতে করে গরু পাচার করা হচ্ছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ঘাটাল থানার ওসি তিমির লেট।
পুলিশ ঘটনাস্থল থেকেই গাড়িচালক, গাড়ির মালিক এবং আরও এক পাচারকারীকে আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গাড়ি থেকে উদ্ধার করা হয় ৮টি গরু।
উদ্ধার হওয়া গরুগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে কোনও বড়সড় পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন ঘাটাল থানার পুলিশ এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
গরু পাচার রুখতে পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

