গো-হত্যা বন্ধে এবার কড়া অবস্থান নিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক স্বরাজ ঘোষ। গোশালায় পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গো-মাতার সুরক্ষায় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আবেদন জানান তিনি। পাশাপাশি, বিধানসভা এলাকায় কোথাও গো-হত্যার ঘটনা ঘটলে প্রতিবাদে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন বিধায়ক।
এদিন স্বরাজ ঘোষ জানান, তাঁদের পরম্পরা ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবতী দেবী এবং গো-মাতাকে দেবতা রূপে পুজো করা হয়। সেই বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই সপ্তগ্রামের গোশালায় পুজো দিতে এসেছেন তিনি। তাঁর বক্তব্য, যে কোনও মূল্যে গো-হত্যা বন্ধ করতে হবে। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনকে বিশেষভাবে নজরদারি বাড়ানোর আবেদন জানান তিনি।
গোশালার উন্নয়ন ও আর্থিক সহায়তা প্রসঙ্গেও আশ্বাস দেন বিধায়ক। তাঁর দাবি, গোশালার জন্য বার্ষিক এক লক্ষ টাকা অনুদানের ব্যবস্থা রয়েছে। সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় নথিপত্র জমা দিলে সপ্তগ্রাম বিধানসভা এলাকার গোশালাগুলিও এই আর্থিক সহায়তা পাবে।
এদিন সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি, গো-মাতার সুরক্ষায় রাজনৈতিক দল নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আবেদন জানান স্বরাজ ঘোষ। কোথাও গো-হত্যার চেষ্টা বা এ সংক্রান্ত কোনও খবর পাওয়া গেলে দ্রুত তাঁকে ও প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি।

