কেউ সামান্য চাকরি করেন, কারো দোকান আছে, আবার কেউ কেউ গৃহশিক্ষকতা করেন তাদের কারো কারো ফোন হারিয়ে গিয়েছিল অথবা চুরি হয়েছিল। সেই ফোন তাদেরকে ফিরিয়ে দিলো আলিপুরদুয়ার পুলিশ।হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মুখে হাসি ফুটল আলিপুরদুয়ারের একাধিক বাসিন্দার। পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া একের পর এক মোবাইল ফোন এবার তুলে দেওয়া হল প্রকৃত মালিকদের হাতে।
বুধবার দুপুর ১টা নাগাদ আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মোবাইল হস্তান্তর কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইলের মালিকদের ডেকে তাঁদের হাতে উদ্ধার হওয়া ফোনগুলি তুলে দেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ৯১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মালিকরা।
পুলিশের এই উদ্যোগে মোবাইল ফিরে পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্ধার হওয়া মোবাইলগুলি সঠিক মালিকদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় পুলিশের প্রযুক্তিগত তৎপরতাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

