বুধবার হুগলি জেলার আরামবাগের কালিপুর মাঠে তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে জনসভায় নেতৃত্ব দেন এবং পাঁচজন তৃণমূল প্রার্থীকে পাশে নিয়ে নির্বাচনী প্রচারে জোরদার বার্তা দেন।
এই সভায় উপস্থিত ছিলেন পুড়শুড়া কেন্দ্রের প্রার্থী পার্থ হাজারি, আরামবাগের প্রার্থী মিতা বাগ, গোঘাটের প্রার্থী ডাঃ নির্মল মাঝি, খানাকুলের প্রার্থী পলাশ কুমার রায় এবং তারকেশ্বরের প্রার্থী রামেন্দ্র সিংহ রায়।
কালিপুর মাঠে এদিন জনসমাগম ছিল চোখে পড়ার মতো। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী উন্নয়ন, সামাজিক প্রকল্প এবং মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, এই পাঁচজন প্রার্থীই মানুষের সঙ্গে থেকে কাজ করেছেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বিরোধীদের কড়া সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে এই পাঁচ প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে।
সভা শেষে এলাকাজুড়ে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ে। রাজনৈতিক মহলের মতে, এই জনসভা তৃণমূল কংগ্রেসের শক্তি ও সংগঠনের প্রভাব আরও একবার স্পষ্ট করে দিল।

