এতদিন গ্রামের ভরসা ছিল ছোট ছোট বোতলে বিক্রি হওয়া তেল—যার জন্য লিটার প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত অতিরিক্ত গুনতে হতো সাধারণ মানুষকে। সময় নষ্ট, পকেটে চাপ—দুটোই ছিল নিত্যসঙ্গী। সেই দুশ্চিন্তার দিন এবার শেষ।
আজ ইন্দাস–টু–আকুই রোডের ধারে ছোট গোবিন্দপুর ও বনকী গ্রামের মাঝামাঝি এলাকায় উদ্বোধন হলো একটি নতুন পেট্রোল পাম্প। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, ইন্দাস তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ, আকুই এক নম্বর অঞ্চলের প্রধান ও উপপ্রধান, আকুই ফাঁড়ির অফিসার ইনচার্জ শেখ হায়দার আলী, পেট্রোল পাম্পের কর্ণধার কুন্ত মণ্ডল-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনের পর থেকেই বাইক ও চারচাকার তেল ভরাতে উপচে পড়ে ভিড়। নতুন পাম্পে তেল ভরার উচ্ছ্বাসে যেন উৎসবের আমেজ। গ্রাহকদের জন্য কুপনের ব্যবস্থা করা হয়, সঙ্গে ছিল মিষ্টি ও কফির আপ্যায়ন—হাসিমুখে তেল ভরান সবাই।
স্থানীয় বাসিন্দাদের মুখে একটাই কথা—এই পেট্রোল পাম্প শুধু তেল নয়, বাঁচাবে সময়, বাঁচাবে টাকা। কৃষক, ছাত্র, কর্মজীবী থেকে ব্যবসায়ী—সবাই উপকৃত হবেন। এলাকার যোগাযোগ ও অর্থনৈতিক গতিও পাবে নতুন গতি। বহুদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া বইছে গোটা এলাকাজুড়ে।

