প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতের পর থেকেই ভক্তদের মনে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সেই জল্পনার আবহেই নতুন সুখবর—আমির খানের প্রযোজনায় তৈরি হতে চলা একটি ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং।
সম্প্রতি মুম্বই থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে কয়েকদিন কাটান আমির খান। সেই সফর ঘিরেই জোর জল্পনা শুরু হয়—গায়ককে ফের রাজি করাতেই কি এই বিশেষ সাক্ষাৎ? নানা মুহূর্ত, একসঙ্গে সময় কাটানো এবং স্থানীয় আবহে দু’জনের উপস্থিতি অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অবশেষে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ‘এক দিন’ নামের ছবিতে প্লেব্যাক করেছেন অরিজিৎ। সোশ্যাল মিডিয়ায় আমির খানও গায়ককে ধন্যবাদ জানিয়ে তাঁদের একসঙ্গে কাটানো সময়কে “ম্যাজিক্যাল” বলে উল্লেখ করেছেন।
জানা গেছে, ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন সাই পল্লবী ও জুনায়েদ খান। পরিচালনার দায়িত্বে সুনীল পাণ্ডে। আগামী ১ মে মুক্তির পরিকল্পনা রয়েছে।
অরিজিতের কণ্ঠে নতুন গান মানেই অনুরাগীদের জন্য বিশেষ আনন্দ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এ কি শুধুই বিশেষ অনুরোধে গাওয়া একটি গান, নাকি আবার নিয়মিত প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় এই শিল্পী?
সময়ের অপেক্ষায় ভক্ত।

