• Wed. Feb 25th, 2026

পান্ডুয়ায় সমবায় নির্বাচনে তৃণমূলের জয়জয়কার, শিখিরা চাপতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ঘাসফুল শিবিরের

BySS Bangla News

Feb 25, 2026

হুগলী জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত শিখিরা চাপতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। সমিতির মোট ৫১টি আসনের মধ্যে ৩২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল তারা। এই জয়ের ফলে সমিতির বোর্ড দখল এখন সময়ের অপেক্ষা মাত্র।
গত কয়েকদিন ধরেই এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা ছিল তুঙ্গে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর দেখা যায়, বিরোধী দলগুলিকে বড় ব্যবধানে পিছনে ফেলে অধিকাংশ আসনেই আধিপত্য বিস্তার করেছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৫১টি আসনের মধ্যে ৩২টিতে ঘাসফুল শিবিরের জয় নিশ্চিত হতেই এলাকায় উৎসবে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। সবুজ আবির মেখে এবং মিষ্টি মুখ করে জয়ের আনন্দ উদযাপন করেন তাঁরা।
হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং সমবায় ব্যবস্থার মাধ্যমে কৃষকদের পাশে থাকার ফল এই জনসমর্থন। সঞ্জয় বাবু আরো এক ধাপ এগিয়ে বলেন, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর আস্থা রেখেছেন। এই জয় আবারও প্রমাণ করল সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই আছেন।”
অন্যদিকে, বিরোধীদের পক্ষ থেকে পরাজয় স্বীকার করা হলেও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। তবে সব বিতর্ক ছাপিয়ে শিখিরা চাপতা সমবায় সমিতিতে এখন শাসক দলের জয়জয়কার। এই ফলাফলের পর আগামী দিনে সমবায় সমিতির কাজে গতি আসবে বলে আশা করছেন সাধারণ সদস্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন