• Thu. Jul 23rd, 2026

আরামবাগ হাই স্কুলে ‘অশোক কানন’ উদ্বোধন, চিকিৎসক ডাঃ অশোক নন্দীকে সংবর্ধনা। পরিবেশ সচেতনতা ও সবুজায়নের বার্তা ছড়াল বিদ্যালয়।

BySS Bangla News

Jul 23, 2026

বিদ্যালয়ের সৌন্দর্যায়ন, পরিবেশ রক্ষা এবং শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তুলতে অনন্য উদ্যোগ। বৃহস্পতিবার সকালে প্রার্থনা সভার মঞ্চে বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডাঃ অশোক নন্দী-কে সংবর্ধনা জানাল আরামবাগ হাই স্কুল কর্তৃপক্ষ। তাঁর শিক্ষা ও পরিবেশমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান জানানো হয়।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ডাঃ নন্দী নিজের উদ্যোগে ও নিজস্ব অর্থে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয় প্রাঙ্গনে ‘অশোক কানন’ নামে একটি দৃষ্টিনন্দন বাগান গড়ে তুলেছেন। বাগানটির নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। সেখানে বিভিন্ন ভেষজ উদ্ভিদ, মিড-ডে মিল প্রকল্পের জন্য প্রয়োজনীয় সবজির চাষ এবং ছাত্রছাত্রীদের জন্য নানা ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। আগামী দিনে আরও বিভিন্ন প্রজাতির গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।

এদিন ডাঃ অশোক নন্দী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক রোহিন্দ্রনাথ টুডু, শিক্ষক ভবানীপ্রসাদ দাস-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ‘অশোক কানন’-এর উদ্বোধন করেন।

একই দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দপ্তরের সামনে নবনির্মিত একটি আর্ট গ্যালারিরও উদ্বোধন করা হয়। ডাঃ অশোক নন্দী বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে নিয়ে ফিতে কেটে এই আর্ট গ্যালারির সূচনা করেন। বিদ্যালয়ের শিল্পচর্চা ও সৃজনশীল শিক্ষার পরিসর আরও প্রসারিত হবে বলে মনে করছেন শিক্ষকরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের উৎসাহ, অংশগ্রহণ এবং করতালিতে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের আবহে মুখর হয়ে ওঠে।

বিদ্যালয়ের সৌন্দর্যায়ন, পরিবেশ সংরক্ষণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগকে শিক্ষক, পড়ুয়া ও অভিভাবক মহল একবাক্যে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ডাঃ অশোক নন্দীর এই উদ্যোগ শুধু বিদ্যালয়ের পরিকাঠামোকেই সমৃদ্ধ করেনি, আগামী প্রজন্মের কাছে পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন