কোতুলপুরের গাঁতি গ্রামের ১১২ নম্বর বুথের উদ্যোগে একটি বিশেষ সংবর্ধনা ও জতীয় পতাকা বিতরণ কর্মসূচির আয়োজন করা। প্রসঙ্গত রবিবার বিকালে কোতুলপুর ১ নম্বর মণ্ডলের অন্তর্গত গাঁতি গ্রামের ১১২ নম্বর বুথের উদ্যোগে রাষ্ট্রীয় ভাবধারা ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি বিশেষ সংবর্ধনা ও জাতীয় পতাকা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় স্তরের বহুল প্রচারিত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে স্থানীয় স্তরে সফল ও ব্যাপকভাবে বাস্তবায়ন করার উদ্দেশ্যেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান ১১২ নম্বর বুথের সক্রিয় সদস্য হেমন্ত কুমার মালিক। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি উপস্থিত সকলকে জাতীয় পতাকার সম্মান ও নিয়মকানুন স্মরণ করিয়ে দিয়ে আগামী ১০ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত প্রতিটি ঘরে শ্রদ্ধার সাথে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আকুল আবেদন জানান। প্রাত্যহিক নিয়ম মেনে প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে মর্যাদাপূর্ণভাবে পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের পূর্বেই নিয়ম মাফিক তা নামিয়ে সসম্মানে ভাঁজ করে সংরক্ষণ করার প্রতি বিশেষ জোর দেওয়া হয়। এই অনুষ্ঠানে গাঁতি গ্রামের প্রবীণ নাগরিকদের বিশেষ সম্মানে ভূষিত করার পাশাপাশি উপস্থিত মা-বোন ও সর্বস্তরের গ্রামবাসীদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো; সেখানে উপস্থিত ছিলেন কোতুলপুরের বিধায়ক শ্রী লক্ষ্মীকান্ত মজুমদার ও ১ নম্বর মণ্ডলের সভাপতি কেশবী নাগা, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ রায়, মহিলা মোর্চার সভানেত্রী আশা পাল এবং সাধারণ সম্পাদিকা রুমা নন্দী সহ এলাকার অন্যান্য দলীয় নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা। সমগ্র অনুষ্ঠান থেকে এক স্বাধীন, ঐক্যবদ্ধ ও রাষ্ট্রবাদী সমাজ গঠনের বার্তা দিয়ে দেশের প্রতি নাগরিক দায়িত্ব পালনের দৃঢ় আহ্বান জানানো হয়।

