এলাকায় বেহাল রাস্তা ও জলনিকাশী ব্যবস্থা না থাকার অভিযোগে পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বুধবার পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের আর্তি চৌতপুর গ্রামের বাসিন্দাদের একাংশ একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ পঞ্চায়েতের গেটে তালা দিয়ে ভেতরে বসে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টিতেই হাঁটু জল জমে যায়। যাতায়াত প্রায় বন্ধ হয়ে পড়ে। স্কুলের ছোট ছোট বাচ্চাদের যাতায়াতে সমস্যা হয়। কারও শরীর খারাপ হলে অ্যাম্বুলেন্সও গ্রামে ঢুকতে চায় না। এলাকায় কোনও জলনিকাশী ব্যবস্থা নেই।
বিক্ষোভকারী লক্ষীমণি স্বরেন বলেন, বারবার প্রধানকে জানিয়েও কোনও কাজ হয়নি। আমাদের দুর্ভোগ কেউ দেখছে না।
সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বলা মুর্মু ওই এলাকারই বাসিন্দা। অভিযোগ, তাঁকে বারবার জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি। এদিনও প্রধান পঞ্চায়েতে উপস্থিত ছিলেন না। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
বিষয়টি নিয়ে পান্ডুয়া বিজেপি মণ্ডল-১ এর সাধারণ সম্পাদক অভিজিৎ হালদার বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত বিভিন্ন জায়গায় কাজের বোর্ড লাগিয়ে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে। ভোট মিটতেই সেই বোর্ড খুলে ফেলা হয়েছে। কোনও এলাকাতেই কাজ হয়নি।
পঞ্চায়েতের সেক্রেটারি ও বিডিওর আসতেছে বিক্ষোভ ওঠে। তাঁরা এলাকার সমস্যা গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন। এরপরই বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।
পান্ডুয়ার বিডিও দেবব্রত পরামানিক অফ ক্যামেরায় জানান, এ বিষয়ে পঞ্চায়েতের সঙ্গে কথা হয়েছে। যেখানে জল জমেছে সেখানে পঞ্চায়েত থেকে গ্যাস ফেলে আপাতত সমস্যা সমাধানের করা হচ্ছে। পরবর্তীতে কাজটি যাতে সমাধান হয় তার ব্যবস্থা করা হবে।

