মালদার গাজোলের পাঁচপাড়ায় টোটো ও মারুতি ভ্যানের সংঘর্ষে নয়জনেরও বেশি জখম। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গিয়েছে, একটি মারুতি ভ্যান আলাল থেকে গাজোলের দিকে আসছিল। অন্যদিকে, টোটোগুলি কাজ সেরে গাজোলের দিকে ফিরছিল। পাঁচপাড়া এলাকায় আচমকাই একটি টোটোর সঙ্গে মারুতি ভ্যানটির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে টোটোতে থাকা যাত্রী-সহ বেশ কয়েকজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাঁদের প্রথমে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনের অবস্থার কথা বিবেচনা করে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতদের মধ্যে জবা রায়, নুর আলম, পঙ্কজ সাহা, তৈয়ব আলী, বারুনী রায় এবং সুমন রায়ের নাম জানা গিয়েছে। তাঁদের বাড়ি গাজোল ও হবিবপুরের বিভিন্ন এলাকায় বলে জানা যাচ্ছে।
ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

