• Thu. Aug 20th, 2026

সাওড়ায় সংঘের ১৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, বিক্ষোভে উত্তেজনা—অভিযোগের তির তৃণমূল নেত্রীর দিকে

রাজনীতির পালাবদল হলেও রাজনৈতিক প্রভাবের অভিযোগ কি কমেনি? গোঘাটের সাওড়ায় অসহায় মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে পরিচালিত একটি সংঘের প্রায় ১৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়াল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, এলাকায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগের তির গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মনিকা পালের দিকে।

সংঘের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সংঘের আর্থিক লেনদেন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হিসাব চাওয়া হলেও তা স্পষ্ট করা হয়নি বলে দাবি তাঁদের। বরং হিসাব চাইলে বিভিন্নভাবে ভয় দেখানো এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে মারধরের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। সংঘ খোলা, বন্ধ করা এবং বিভিন্ন হিসাব সংক্রান্ত কাজের নাম করে সদস্যদের কাছ থেকে টাকা নেওয়া হলেও সেই অর্থের পূর্ণাঙ্গ হিসাব তাঁদের দেওয়া হয়নি বলেও অভিযোগ।

বুধবার ক্ষোভ চরমে ওঠে। অভিযুক্ত মহিলা নেত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান সংঘের সদস্যরা। ওঠে ‘চোর চোর’ স্লোগান। বিক্ষোভকারীদের দাবি, প্রায় ১৯ লক্ষ টাকা কোথায় গেল, তার স্বচ্ছ হিসাব দিতে হবে। পাশাপাশি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানান তাঁরা।

অভিযোগের আঁচ পৌঁছেছে সংঘের অভ্যন্তরেও। এক কো-অর্ডিনেটরের অভিযোগ, তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনায় সংঘের পরিচালন ব্যবস্থা ও আর্থিক লেনদেন নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে।

পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মনিকা পাল। তাঁর দাবি, ১৯ লক্ষ টাকার হিসাব আগের বোর্ডের সময়কার। ওই অর্থের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানো বা সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও সঠিক নয় বলে দাবি তাঁর।

একদিকে সংঘের সদস্যদের বিস্ফোরক অভিযোগ, অন্যদিকে অভিযুক্তের পাল্টা সাফাই—দুই পক্ষের বক্তব্যে আপাতত মুখোমুখি সংঘাত। সত্যিই ১৯ লক্ষ টাকা কোথায় গেল, কোন সময়ে কী ধরনের লেনদেন হয়েছে এবং সেই অর্থের হিসাব কোথায়—তা জানতে এখন তদন্তের দিকেই তাকিয়ে সংঘের সদস্যরা। অভিযোগের সত্যতা অবশ্য তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন