• Thu. Aug 20th, 2026

আরামবাগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠককে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল তৎপরতা। প্রশাসনিক বৈঠক শেষ হওয়ার পরই অবশ্য অন্য চিত্র ধরা পড়ল আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে একদল মহিলা আরামবাগের বিধায়ক হেমন্ত বাগকে ঘিরে বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রীর সফরের দিনেই বিধায়কের সামনে এই বিক্ষোভ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

এদিন আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক আধিকারিক ও এলাকার বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে এলাকার উন্নয়ন, বন্যা পরিস্থিতি, নদীভাঙন, রাস্তাঘাটের সমস্যা, অবৈধ নির্মাণ-সহ একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। বর্ষায় জলমগ্ন এলাকা ও নদী তীরবর্তী মানুষের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যায়।

মুখ্যমন্ত্রী বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পরই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ সামনে আসে। মহিলাদের দাবি, সরকারি প্রকল্পের টাকা পাওয়ার কথা থাকলেও এখনও বহু উপভোক্তার অ্যাকাউন্টে অর্থ জমা পড়েনি। ফলে আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা।

বিক্ষোভের মুখে পড়ে মহিলাদের সঙ্গে কথা বলেন বিধায়ক হেমন্ত বাগ। তাঁদের অভিযোগ শোনার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। সরকারি সুবিধা থেকে কেউ যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার কথাও জানান বিধায়ক।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক শেষ হওয়ার পরপরই এই বিক্ষোভ ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে শেষ পর্যন্ত মহিলাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বিধায়ক। আশ্বাসে আপাতত বিক্ষোভ থামলেও অন্নপূর্ণা যোজনার টাকা কবে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন