• Wed. Aug 26th, 2026

অভিনেতা ও প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ফের অভিযোগ উঠল।

এ বার তাঁর বিরুদ্ধে মারধর, গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন এক কাঠমিস্ত্রি। রাজকাপুর শর্মা নামে ওই ব্যক্তি বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর করেছে।অভিযোগপত্রে রাজকাপুর জানিয়েছেন, গত ১২ মে সোহমের বাড়িতে আলমারি তৈরির কাজ পান তিনি। ৫৫ হাজার টাকার চুক্তির মধ্যে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলে তাঁর দাবি। কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর আরও দু’টি আলমারি তৈরির দায়িত্ব দেওয়া হয়। সেই কাজও প্রায় অর্ধেক শেষ করার পর আর কোনও টাকা না পাওয়ায় বকেয়া পারিশ্রমিক চাইতে যান বলে অভিযোগকারীর দাবি। রাজকাপুরের অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে সোহম তাঁর সঙ্গে গালিগালাজ করেন এবং তাঁর উপর চড়াও হন। অভিযোগপত্রে অভিনেতার দেহরক্ষী তোতন সর্দারের নামও উল্লেখ করেছেন তিনি। দু’জনের বিরুদ্ধেই হুমকি ও ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিনেতার বক্তব্য জানতে ফোন ও মেসেজ করা হয়েছিল। তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। গত জুলাইয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা, প্রাণনাশের হুমকি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। হুগলির আরামবাগের বাসিন্দা তথা ‘সোনম মুভিজ়’-এর কর্ণধার শেখ শাহিদ ইমাম টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ করেছিলেন।এর আগে বিধায়ক থাকাকালীন কলকাতার একটি রেস্তরাঁয় শুটিং করতে গিয়ে কর্মীদের সঙ্গে বচসা, হুমকি এবং মারধরের অভিযোগও উঠেছিল সোহমের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন