বাগেশ্বর ধাম-এর ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি ‘বাগেশ্বর বাবা’ নামে পরিচিত, তাঁর সাম্প্রতিক কিছু বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করল কংগ্রেস। শুক্রবার ভারতীয় জাতীয় কংগ্রেসের হুগলি জেলা-২ আরামবাগ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আরামবাগ থানার আইসি দপ্তরে একটি আবেদনপত্র জমা দিয়ে ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানানো হয়।
কংগ্রেসের অভিযোগ, বিগত দিনে ধীরেন্দ্র শাস্ত্রী বাঙালি জাতিকে ‘পাখণ্ডি’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি দুর্গাপুজোর দিনগুলিতে আমিষ খাবার খাওয়া নিয়ে তাঁর বক্তব্যকে ঘিরেও বাঙালি সমাজের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় আবেদন জানানো হয়েছে।
এদিন আরামবাগ থানায় উপস্থিত ছিলেন হুগলি জেলা-২ আরামবাগ কংগ্রেস কমিটির সভাপতি ভবানীপ্রসাদ মণ্ডল, খানাকুলের প্রাক্তন বিধানসভা নির্বাচনের প্রার্থী প্রদীপ কর, আরামবাগের প্রার্থী সুশীল সাঁতরা-সহ নেপাল পাত্র, গোপীনাথ কুণ্ডু, গণেশ দে, শেখ নাসির উদ্দিন, শেখ আসগার ইমাম, রবীন্দ্রনাথ পাল, শফিকুল ইসলাম, শেখ বাদশা মণ্ডল, শাহাদ আলি মণ্ডল, অজিত ঘোষ ও সুশোভন ঘোষ। তাঁদের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করা হোক।

