• Fri. Sep 25th, 2026

স্কুল চত্বরে জীর্ণ মাটির বাড়ি, আতঙ্কে পড়ুয়া-অভিভাবক! প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ গোঘাটে

স্কুলে পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে পড়ুয়ারা। অথচ সেই স্কুল চত্বরেই দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা জীর্ণ মাটির বাড়ি এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে। যে কোনও মুহূর্তে বাড়িটি ভেঙে পড়তে পারে—এমন আশঙ্কায় স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। দ্রুত বিপজ্জনক বাড়িটি ভেঙে সরিয়ে ফেলার দাবি উঠেছে। ঘটনাটি হুগলির গোঘাট-১ ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের নবাসন এলাকার।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মাটির বাড়িটির দেওয়াল ও কাঠামো বর্তমানে অত্যন্ত দুর্বল। বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের সময় সেটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। স্কুল চলাকালীন কোনও দুর্ঘটনা ঘটলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হতে পারে বলে দাবি তাঁদের।

অভিভাবকদের একাংশের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষোভ থেকেই এদিন প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। তাঁদের আরও অভিযোগ, স্কুলের পানীয় জলের কলটিও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে।

যদিও প্রধান শিক্ষক জানান, জীর্ণ মাটির বাড়িটির বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় ব্যবস্থা পেলেই বাড়িটি ভেঙে সরানোর উদ্যোগ নেওয়া হবে।

এখন প্রশ্ন, বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই কি জীর্ণ বাড়িটি সরানো হবে? পড়ুয়া, অভিভাবক ও এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে প্রশাসন ও শিক্ষা দফতর দ্রুত পদক্ষেপ করে কি না, সেদিকেই তাকিয়ে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন