পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ সারা বাংলার বিভিন্ন দিকে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। এদিন বাঁকুড়া জেলার সোনামুখী থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগেও পালিত হলো এই কার্যক্রম। প্রথমে সোনামুখী ট্রাফিক গার্ড অফিস থেকে একটি র্যালি শুরু হয় যা গিয়ে শেষ হয় সোনামুখী শহরের অন্যতম ব্যস্ত জায়গা চৌরাস্তাতে। এদিনের মিছিলে পুলিশ কর্মীদের সাথে সচেতনতার বার্তাকে ছড়িয়ে দিতে পায়ে পা মেলায় স্কুলের ছাত্র-ছাত্রীরাও।মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, সর্বদা হেলমেট পরে বাইক চালানো সহ একাধিক পথ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সোনামুখী থানার আইসি রাজশেখর মুখার্জি , সোনামুখী ট্রাফিক গার্ডের ওসি অজয় দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ।
অন্যদিকে ইন্দাস থানার উদ্যোগে একই কর্মসূচি পালন করা হয় । এদিন ইন্দাস থানার ওসি চয়ন কুমার ঘোষের তত্ত্বাবধানে ইন্দাস থানা থেকে একটি রেলি বের হয় এবং বিভিন্ন জনবহুল এলাকা সেই রেলি পরিক্রমা করে পুনরায় ইন্দাস থানা প্রাঙ্গনে এসে শেষ হয় ।
ইন্দাস থানা , সোনামুখী থানার পুলিশ ও সোনামুখী ট্রাফিক গার্ডের এই উদ্যোগেকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষজন। তাদের আশা পুলিশের এই সচেতনতার বার্তা অনেকটাই কার্যকরি হবে আগামীদিনে।

