গৃহবধূকে গালিগালাজ, মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। ধৃত যুবকের নাম শুভ্র সরকার। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার জয়পুর থানার সুখজোড়া গ্রামে, পোস্ট গেলিয়া।
পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গিয়েছে, গোঘাট থানার খাটুল গ্রামের বাসিন্দা বৈশাখী মণ্ডল এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুলাই রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর ননদ সঞ্চিওতা মণ্ডল এবং আরও দুই ব্যক্তি তাঁর বাড়িতে আসেন।
অভিযোগকারিণীর দাবি, বাড়িতে এসে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে তাঁর চরিত্র নিয়ে কটূক্তি করা হয় বলে অভিযোগ। এরপর তাঁর ননদ, শুভ্র সরকার-সহ আরও এক যুবক তাঁকে মারধর ও ধাক্কা দেন বলে অভিযোগ। ঘটনার সময় তাঁর কোলে ছিল ১৮ মাসের শিশুসন্তান।
ধাক্কায় পড়ে গিয়ে মাথা ও কোমরে চোট পান বলে অভিযোগ। এমনকি একটি প্লাস্টিকের বালতি ভেঙে তাঁর মাথায় লাগে বলেও দাবি করা হয়েছে। এরপর তাঁর পরনের শাড়ি টেনে খুলে দেওয়ার চেষ্টা করে শ্লীলতাহানি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে ২৭ জুলাই গোঘাট থানায় মামলা রুজু হয়। BNS-এর 126(2)/115(2)/76/351(3)/179 ধারায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তদন্তে নেমে রবিবার শুভ্র সরকারকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজেও তদন্ত চালাচ্ছে পুলিশ।

