• Fri. Nov 27th, 2026

চুরি করতে এসে দোকানে ডিম ভেজে মুড়ি খেল চোর! চা বানিয়ে গ্যাস বন্ধ করে সাত দোকানে হানা, শেষে ধরা

চুরি করতে এসে দোকানের গ্যাস জ্বালিয়ে ডিম ভেজে মুড়ি দিয়ে খেল চোর! খাওয়া শেষে বানিয়ে নিল চায়ের কাপও। আবার দোকান ছাড়ার আগে গ্যাস বন্ধ করে যাওয়ার কথাও ভুলল না সে। একের পর এক সাতটি দোকানে চুরি, নগদ টাকা হাতানোর পাশাপাশি দোকানে বসে খাওয়া-দাওয়ার এমন অদ্ভুত কাণ্ডে হতবাক বেঙ্গাই চৌমাথার ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত আর একটি দোকানে চুরি করতে গিয়ে ভিতরে আটকে পড়েই পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে গোঘাটের বেঙ্গাই চৌমাথা সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ চুরির অভিযান শুরু করে অভিযুক্ত। একের পর এক দোকানের অ্যাডবেস্টর ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরপর সাতটি দোকানে চুরির ঘটনায় শুক্রবার সকালে ক্ষতির মুখে পড়েন এলাকার ব্যবসায়ীরা।

তবে চুরির ঘটনায় সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে চা-মুড়ি ব্যবসায়ী মাধবী ঘোষের দোকানে চোরের কাণ্ড নিয়ে। অভিযোগ, ওই দোকান থেকে নগদ পাঁচ হাজার টাকা চুরি করার পর দোকানের গ্যাস জ্বালিয়ে ডিম ভেজে মুড়ি দিয়ে খায় অভিযুক্ত। এরপর নিজেই চা তৈরি করে পান করে। এমনকি দোকান ছাড়ার আগে গ্যাস বন্ধ করে যাওয়ার ঘটনাও নজরে এসেছে ব্যবসায়ীর। দোকানের দামি সিগারেট কিংবা অন্যান্য সামগ্রীতে হাত দেয়নি বলেও দাবি।

মাধবী ঘোষ বলেন, “রাত একটা পাঁচ নাগাদ খবর পেয়ে দোকানে এসে দেখি অ্যাডবেস্টর ভাঙা। পাঁচ হাজার টাকা নিয়ে গিয়েছে। কিন্তু দোকানে ডিম ভেজে মুড়ি খেয়েছে, চা বানিয়ে খেয়েছে। যাওয়ার সময় গ্যাস বন্ধও করে দিয়ে গিয়েছে।”

এরপর পাশের আর একটি দোকানে চুরি করতে গিয়ে বিপাকে পড়ে অভিযুক্ত। দোকানের ভিতরে আটকে পড়ায় বাইরে বেরোতে পারেনি সে। বিষয়টি নজরে আসতেই খবর যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। দোকানের মালিক ও স্থানীয়দের সহযোগিতায় শেষ পর্যন্ত হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত।

ধৃতের নাম রাজা বাওড়ি। তার বাড়ি তারকেশ্বর থানার কুলতেগড়ি এলাকায়। পুলিশি জিজ্ঞাসাবাদে সে একাই চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে। শুক্রবার তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।

জনবহুল বেঙ্গাই চৌমাথায় পরপর সাতটি দোকানে চুরির ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। রাতের পুলিশি টহল বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। অন্যদিকে, চুরির ঘটনার পাশাপাশি দোকানে বসে ডিম-মুড়ি খাওয়া ও চা বানিয়ে পান করার অদ্ভুত কাণ্ড এখন এলাকার মানুষের মুখে মুখে। ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন