পথ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রুখতে এবার কড়া পদক্ষেপ আরামবাগ ট্রাফিক পুলিশের। হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিতে বৃহস্পতিবার আরামবাগের পল্লিশ্রী মোড়ে বিশেষ নাকা চেকিং ও সচেতনতামূলক অভিযান চালাল ট্রাফিক পুলিশ।
অভিযান চলাকালীন মূলত বাইক আরোহীদের হেলমেট ব্যবহার, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখেন ট্রাফিক পুলিশের কর্মীরা। যাঁরা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন, তাঁদের সতর্ক করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও করা হয়। পুলিশের এই তৎপরতায় এলাকায় ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে নতুন করে সচেতনতা তৈরি হয়েছে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের বোঝানো হয়, হেলমেট পরা শুধুমাত্র জরিমানা এড়ানোর জন্য নয়, বরং দুর্ঘটনার সময় নিজের জীবন রক্ষা করার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। একইসঙ্গে বৈধ লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়েও চালকদের সচেতন করা হয়।
আরামবাগ ট্রাফিক পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য পথ নিরাপত্তা জোরদার করা, ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনার ঝুঁকি কমানো। পুলিশের বার্তা, আইন মেনে চলুন, হেলমেট পরুন এবং নিরাপদে বাড়ি ফিরুন।

