শহরের কেন্দ্রস্থলে একটি বেসরকারি লজে গোপনে ‘মধুচক্র’ চালানোর অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ঝাড়গ্রাম শহরের রেনু লজে আচমকা অভিযান চালায় ঝাড়গ্রাম থানার পুলিশ। অভিযানে জড়িত সন্দেহে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ প্রশাসন সূত্রে খবর, ঝাড়গ্রাম শহরের একাধিক লজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক ও বেআইনি কার্যকলাপ চালানোর অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই নির্দিষ্ট তথ্যের ওপর নির্ভর করে রেনু লজে সারপ্রাইজ রেড চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম থানার আইসি উদয় শঙ্কর ঘোষ এবং এসডিপিও শামীম বিশ্বাস।
আটক ব্যক্তিদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লজে ঠিক কী ধরনের কার্যকলাপ চলছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি শহরের অন্যান্য লজ ও হোটেলেও একই ধরনের বেআইনি কার্যকলাপ চলছে কি না, সেদিকেও নজর রাখছে পুলিশ।
তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।

