একদিকে দুর্গাপুজো না হওয়ার মনখারাপ, অন্যদিকে নতুন জামাকাপড় হাতে পেয়ে একরাশ আনন্দ! রংমশাল জ্বালিয়ে উৎসবে মাতল পূর্বস্থলীর দামোদরপাড়া অনাথ আশ্রমের কচিকাঁচারা।
আর শিশুদের মুখে এই হাসি ফোটাতে এগিয়ে এলেন মন্তেশ্বরের এক পরিবার। নতুন জামাকাপড়ের সঙ্গে তাঁরা নিয়ে এলেন ভালোবাসা, মমতা আর মানবিকতার এক অনন্য নজির।
সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানতে পেরেছিলেন, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দামোদরপাড়া অনাথ আশ্রমে এবার দুর্গাপুজো হচ্ছে না। গত ছয় বছর ধরে এই আশ্রমে দুর্গাপুজো হত। কচিকাঁচারা জীবন্ত দুর্গা সেজে আনন্দে মেতে উঠত। এবার পুজো না হওয়ায় মন খারাপ ছিল আশ্রমের আবাসিকদের।
এই খবর দেখেই মন ছুঁয়ে যায় মন্তেশ্বর থানার বামুনপাড়া পঞ্চায়েতের শাহাজাদপুরের বাসিন্দা পরিতোষ ঘোষের।
এরপর বাবা তপন ঘোষ ও মা শিখা ঘোষের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেন, আশ্রমের শিশু ও মায়েদের হাতে তুলে দেবেন নতুন জামাকাপড়।
সেই মতো অষ্টমীর দিন আশ্রমের পরিচালক সমর মুখার্জির সঙ্গে ফোনে যোগাযোগ করেন পরিতোষবাবু। এরপর কেনা হয় নতুন জামাকাপড়।
কিন্তু নবমীর সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরিতোষ ঘোষ। তাঁকে ভর্তি হতে হয় হাসপাতালে। তবুও তাঁদের উদ্যোগ থেমে থাকেনি।
অবশেষে বুধবার সকালেই ব্যাগভর্তি নতুন জামাকাপড়, রংমশাল এবং বাড়িতে তৈরি নারকেল নাড়ু নিয়ে দামোদরপাড়া অনাথ আশ্রমে হাজির হন তাঁরা।
এক এক করে আশ্রমের আবাসিকদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামাকাপড়। আর নিজের হাতে তৈরি নারকেল নাড়ু শিশুদের খাইয়ে দেন শিখাদেবী।

