মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়ার বার্তা নিয়ে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল আরামবাগের আরান্ডি-২ নম্বর অঞ্চলের দক্ষিণ নারায়ণপুরে। শারদীয়া দুর্গোৎসব ও কালীপুজো উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১০০০ জন মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।
উৎসবের মরশুমে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এই উদ্যোগ বলে জানান বিধায়ক। তাঁর এই কর্মসূচিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। শারদীয়া দুর্গোৎসবের পাশাপাশি কালীপুজো উপলক্ষেও বস্ত্র বিতরণের এই উদ্যোগ চলবে বলে তিনি জানান।
এদিন হেমন্ত বাগ বলেন, “মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোই আমার পরমপ্রাপ্তি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে এভাবেই মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।”
উৎসবের আনন্দ যাতে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তিনি। শুধু উৎসবের সময় নয়, আগামী দিনেও মানুষের পাশে থেকে তাঁদের সেবা করার অঙ্গীকার করেন বিধায়ক।
দক্ষিণ নারায়ণপুরে এই বস্ত্র বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা ও জনসেবার বার্তা তুলে ধরলেন হেমন্ত বাগ।

