নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে এবার ভাঙলো বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের দুমনি খালের ভাষা পুল। বন্ধ হয়ে গেছে যাতায়াত। পাত্রসায়ের ব্লক সদরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে এলাকার ২০ থেকে ২৫ টি গ্রাম।
বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের জামকুড়ি গ্রাম পঞ্চায়েতের দুমনি খাল পেরিয়ে যাতায়াত করতে হয় এলাকার ২০ থেকে ২৫ টি গ্রামের মানুষকে। বিগত সরকারের আমলে বছর কয়েক আগে বাঁকুড়া জেলা পরিষদের বরাদ্দ করা টাকায় ওই খালের উপর তৈরী হয় নীচু একটি ভাষা পুল। তা দিয়েই এলাকার ২০ থেকে ২৫ টি গ্রামের স্কুল কলেজ পড়ুয়া যাতায়াত করে। অসুস্থ রোগীদের ওই সেতু দিয়েই যাতায়াত করতে হয় স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চাষের কাজ করতেও খালের এক পাড়ের চাষিদের এই সেতু পেরিয়ে যেতে হয় অন্য পাড়ের জমিতে। লাগাতার নিম্নচাপের জেরে সেই দুমনি খালের জলস্তর মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়। পরিস্থিতি এমনই হয় যে দুমনি খালের ভাষা পুলের উপর দিয়ে বেগে বইতে থাকে খালের জল। ভোরের দিকে জলের স্রোতে ভেঙ্গে যায় ভাষা পুল। ফলে ভাষা পুলে বন্ধ হয়ে যায় যাতায়াত। চূড়ান্ত সমস্যায় পড়েন খালের অপর পাড়ে থাকা ২০ থেকে ২৫ টি গ্রামের স্কুল পড়ুয়া থেকে অসুস্থ মানুষ জন। ব্লক সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন গ্রামের বহু মানুষ।

