আরামবাগ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গতি আনতে বনমালীপুর ২ নম্বর অঞ্চলে জনসংযোগে নামলেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। এদিন তিনি প্রথমে বনমালীপুর কালী মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার কর্মসূচির সূচনা করেন। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশীর্বাদ কামনা করেন।
এরপর হেমন্ত বাগ বনমালীপুর, ঘোষপাড়া, কেশবপুর, মাটিপাড়া ও চকানর গ্রামে ঘুরে ঘুরে জনসংযোগ করেন। এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। গ্রামবাসীদের একাংশ বিজেপি প্রার্থীকে স্বাগত জানিয়ে তাঁদের বিভিন্ন দাবি-দাওয়ার কথাও তুলে ধরেন।
প্রচার চলাকালীন হেমন্ত বাগ জানান, আরামবাগ বিধানসভা এলাকায় উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এই জনসংযোগ কর্মসূচিতে দলের স্থানীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে গোটা এলাকা জুড়ে নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে ওঠে।

