• Thu. Apr 23rd, 2026

গোঘাটে তৃণমূলে বড় ভাঙন, ১০০ পরিবারসহ ৮০০ ভোটার বিজেপিতে—নিরাপত্তা ইস্যুতেই দলবদল

BySS Bangla News

Apr 21, 2026

ভোটের মুখে হুগলির গোঘাটে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আরামবাগ মহকুমার বালি পঞ্চায়েতের কৃষ্ণবল্লভপুর এলাকায় এক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের ছবি সামনে এল। অভিযোগকে ঘিরে ক্ষোভের জেরে প্রায় ১০০টি পরিবারের প্রায় ৮০০ জন ভোটার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী নির্মল মাঝির প্রচার চলাকালীন কিছু বহিরাগত দুষ্কৃতী এলাকায় ঢুকে পড়ে। অভিযোগ, তারা স্থানীয় মহিলাদের উত্যক্ত করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনাও ঘটে বলে দাবি। এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে এবং দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষিতেই একযোগে দল ছাড়ার সিদ্ধান্ত নেন বহু পরিবার। মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে আরামবাগসাংগঠনিক জেলারবিজেপির সভাপতি বিমান ঘোষ ও গোঘাটের প্রার্থী প্রশান্ত দিগারের নেতৃত্বে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

দলবদলকারীদের বক্তব্য, “নিরাপত্তা ও সম্মান রক্ষার স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে তৃণমূলের সংগঠনগত ব্যর্থতা ও আইনশৃঙ্খলার অবনতির ফল বলে কটাক্ষ করা হয়েছে।

যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের দাবি, বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনা বাড়িয়ে দেখিয়ে ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।

ভোটের আগে এই দলবদল গোঘাটের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা আসন্ন নির্বাচনে ফলাফলের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন