বৃহস্পতিবার গোপীনাথপুর অঞ্চলের নারায়ণপুর, আশ্বিনকোটা, গোপালগঞ্জ, রামডিহা, এই চারটি বুথ গুলি নিয়ে বিজয় উৎসব পালন হলো। এই উৎসবে স্থানীয় মানুষ ও বিজেপি কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনী সফলতার পর আয়োজিত এই বিজয় উৎসব কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং চন্দনের ফোঁটা দিয়ে, পুষ্পস্তবকের মাধ্যমে বিজেপি কার্যকর্তাদের আন্তরিকভাবে বরণ করে নেন। এ সময় আনন্দিত জনতা স্বতঃস্ফূর্তভাবে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে উৎসবে শামিল হন। সাধারণ মানুষের এই বিপুল সমর্থন ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করতে, দলের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের মিষ্টিমুখ করানো হয় এবং কর্মীরা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে এই মিষ্টি বিতরণের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদস্য দেবাশিস ঘোষ, কোতুলপুর বিধানসভার এক নম্বর মণ্ডলের সভাপতি কেশব নাগা, এবং দুই নম্বর মণ্ডলের সভাপতি শুভঙ্কর পণ্ডিত। নেতৃবৃন্দ জানান যে, এলাকার সাধারণ মানুষের এই অভূতপূর্ব সাড়া এবং দুই হাত ভরে দেওয়া আশীর্বাদে তাঁরা অত্যন্ত অভিভূত ও কৃতজ্ঞ, যা আগামী দিনে তাঁদের জনকল্যাণমূলক কাজে আরও উৎসাহিত করবে।

