রাজ্যে ফের বিপুল পরিমাণ টাকার হদিস। মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় এক ব্যবসায়িক ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার হলো কোটি কোটি টাকা। উদ্ধার হওয়া টাকার সঠিক পরিমাণ জানতে তিনটি নোট গোনার মেশিন এনে জোরকদমে চলছে গণনা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই উদ্ধার হওয়া টাকার অঙ্ক আড়াই কোটি ছাড়িয়ে গেছে।এই মেগা অভিযানের নেপথ্যে রয়েছে গত ৫ জুলাইয়ের একটি ঘটনা। সেদিন দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে লাগাতার জেরার পরেই পুলিশ জানতে পারে, এই আন্তর্জাতিক মাদক ও কাফ সিরাপ পাচারের বিপুল টাকা লুকিয়ে রাখা আছে মালদার এক ফ্ল্যাটে।
ধৃতদের বয়ান মিলিয়েই আজ মালদা থানার মঙ্গলবাড়ি এলাকার ওই ভবনে হানা দেয় স্পেশাল অপারেশন টিম (SOT)। এই যৌথ অভিযানে সামিল রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা থানার পুলিশ বাহিনী। জানা গেছে, যে ভবনটিতে অভিযান চালানো হয়েছে তার মালিক দিলীপ সাহা। ওই ভবনের তৃতীয় তলের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পিন্টু সরকার নামে এক ব্যক্তি। সেই ফ্ল্যাটেই লুকিয়ে রাখা হয়েছিল এই বিপুল কালো টাকা।ঘটনাস্থলে এখনও কড়া পুলিশি পাহারায় তল্লাশি এবং টাকা গোনার কাজ চলছে। টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের। এই চক্রের মূল চাঁই পিন্টু সরকারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

