• Wed. Aug 12th, 2026

প্রবীণ নাগরিকদের শারীরিক সক্ষমতা বাড়ানো এবং তাঁদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও স্বচ্ছন্দ করে তুলতে হুগলিতে নেওয়া হল বিশেষ সামাজিক উদ্যোগ। বুধবার ত্রিবেণীর টিস্যুর বেলতলা বাজার এলাকায় আয়োজিত হল ‘প্রবীণ নাগরিক সহায়তা সামগ্রী বিতরণ কর্মসূচি’। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের হুগলি জেলার উদ্যোগে আয়োজিত এই শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ সংস্থা ALIMCO। কর্মসূচি বাস্তবায়নে কারিগরি ও চিকিৎসাগত সহযোগিতা করে কল্যাণী এইমসের PMD-VK বিভাগ।

শিবিরে এলাকার দুঃস্থ ও অসহায় প্রবীণ নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসাগত সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল হুইলচেয়ার, কমোড চেয়ার, সার্ভিক্যাল কলার, লাম্বার স্যাক্রাল বেল্ট, আধুনিক ওয়াকিং স্টিক-সহ একাধিক প্রয়োজনীয় সরঞ্জাম। সহায়ক সামগ্রী হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রবীণ নাগরিকরা।

আয়োজকদের দাবি, শারীরিক প্রতিবন্ধকতা বা বার্ধক্যজনিত সমস্যার কারণে যাঁরা দৈনন্দিন জীবনে নানা অসুবিধার মুখোমুখি হন, তাঁদের কিছুটা স্বনির্ভর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক ও আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের হুগলি জেলার কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী প্রতিনিধিরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের পিছিয়ে পড়া ও শারীরিকভাবে অসক্ষম প্রবীণদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আগামী দিনেও হুগলি জেলার বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন