এ বার থেকে ব্যাঙ্কের বাইরে টহল দেবে পুলিশ! অপরাধ ঠেকাতে ওসিদের ১০ দফা নির্দেশ সিপি অজয় নন্দের
অর্থনৈতিক প্রতারণা এবং আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অপরাধের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। সেই কারণেই লালবাজার বাড়তি সতর্কতা অবলম্বন করতে চায়।
কলকাতার ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানার অফিসার ইন-চার্জদের বাড়তি দায়িত্ব দিলেন পুলিশ কমিশনার অজয় নন্দ।
বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করেছে লালবাজার। সেখানেই সিপি-র ১০ দফা নির্দেশের কথা রয়েছে। বলা হয়েছে, লালবাজারের গোয়েন্দা বিভাগের পরিবর্তে এ বার থেকে ব্যাঙ্কে ব্যাঙ্কে টহল দেবেন স্থানীয় থানার পুলিশকর্মীরা। নিরাপত্তার বিষয়গুলি নিয়মিত পর্যালোচনা করতে হবে ওসি-কে। এত দিন ব্যাঙ্কের বাইরে টহলদারি এবং নিরাপত্তা যাচাইয়ের কাজ করতেন গোয়েন্দা বিভাগের ডাকাতিবিরোধী শাখার সদস্যেরা।
অর্থনৈতিক প্রতারণা এবং আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অপরাধের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। সেই কারণেই লালবাজার বাড়তি সতর্কতা অবলম্বন করতে চায়। বলা হয়েছে, ব্যাঙ্কে আর্থিক লেনদেন চলাকালীনই নয়, ব্যাঙ্ক যখন বন্ধ থাকবে, তখনও পুলিশকে নজর রাখতে হবে। ব্যাঙ্ক খোলা এবং বন্ধের সময় এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ সময় চিহ্নিত করে টহলদারি নিশ্চিত করতে হবে। নিরাপত্তার ফাঁক গলে যাতে কোনও অপরাধ সংঘটিত হতে না পারে, ওসি-রা তা দেখবেন।
