বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার গয়না চুরির ঘটনায় তদন্তে বড়সড় সাফল্য পেল গোঘাট থানার পুলিশ। দীর্ঘ তদন্তের পর এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া গয়না গলিয়ে তৈরি করা প্রায় ৩৪ গ্রাম ওজনের সোনার বাট এবং প্রায় ২১ গ্রাম ওজনের রুপোর বাট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সন্দীপ নন্দী এবং গোঘাট থানার ওসি রিন্টু মহাজনের উপস্থিতিতে সাংবাদিকদের তদন্তের অগ্রগতির কথা জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর মেদিনীপুর থেকে ডব্লিউবি ৪১ এইচ ৪৭৮৯ নম্বরের একটি গাড়িতে করে আরামবাগ ফিরছিলেন অজয় কুমার পাত্র। যাত্রাপথে মান্দারণ এলাকায় দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই গাড়িতে ওঠে। অভিযোগ, গাড়িতে থাকা অবস্থাতেই যাত্রীর লাগেজ থেকে সোনার গয়নাভর্তি একটি ব্যাগ চুরি করে কামারপুকুর বাসস্ট্যান্ডে নেমে যায় তারা। পরদিন ২৫ অক্টোবর গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অজয় কুমার পাত্র। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে অগ্রগতি আসে গত ২২ নভেম্বর। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অধীন রামজীবনপুর এলাকার কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে শেখ দুলাল আলি খান নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে কোল্লা গ্রাম থেকে ৫৮ বছর বয়সি দিলুয়ার ভাঙ্গীকে গ্রেফতার করা হয়। পরে গোঘাট থানার ভিকদাস চৌমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয় তৃতীয় অভিযুক্ত নাসিরুদ্দিন চৌধুরীকে।
গত ২৩ নভেম্বর ধৃত তিনজনকে আরামবাগের এসিজেএম আদালতে পেশ করা হলে আদালত তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তের সূত্র ধরে চুরি যাওয়া গয়না গলিয়ে সোনা ও রুপোর বাট তৈরি করে দেওয়ার অভিযোগে চতুর্থ অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার হওয়া সোনা ও রুপোর বাটের সঙ্গে চুরি যাওয়া গয়নার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে গোঘাট থানার পুলিশ। বাসযাত্রীর ব্যাগ থেকে গয়না চুরির ঘটনায় চার অভিযুক্তের গ্রেফতারি এবং মূল্যবান ধাতু উদ্ধারের ঘটনাকে তদন্তের উল্লেখযোগ্য সাফল্য বলেই মনে করছে পুলিশ।

