আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আন্দিমহল্লা এলাকায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বীথিকা পন্ডিত জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এদিন তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের নানা অভাব-অভিযোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন প্রার্থীর কাছে।
জনসংযোগের সময় বীথিকা পন্ডিত বিশেষভাবে গুরুত্ব দেন সেই সমস্ত ভোটারদের, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তিনি তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার কারণ জানার চেষ্টা করেন এবং আশ্বাস দেন, প্রয়োজনে সব ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, “গণতান্ত্রিক অধিকার থেকে কেউ বঞ্চিত হবেন না, প্রতিটি ভোটারের অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
এদিনের কর্মসূচিতে স্থানীয় বাম কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বামফ্রন্টের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। সমগ্র কর্মসূচি জুড়ে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

