তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবার তারকেশ্বর ধামে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) শ্রী অমিতাভ চক্রবর্তী। তারকেশ্বরে পৌঁছে প্রথমে বাবা তারকনাথের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন তিনি। এরপর মন্দির চত্বর ও শ্রাবণী মেলা এলাকা পরিদর্শন করেন। মেলা চত্বরে ভক্তদের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক পরিস্থিতি ঘুরে দেখেন বিজেপির এই শীর্ষ নেতা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান-সহ দলের অন্যান্য বিধায়ক ও নেতৃত্বরা। তাঁদের উপস্থিতিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়। শ্রাবণ মাসে তারকেশ্বর ধামে বিপুল সংখ্যক পুণ্যার্থী সমাগম হয়। সেই আবহে মেলা চত্বর পরিদর্শন করে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন অমিতাভ চক্রবর্তী। বিধায়ক সন্তু পানের আমন্ত্রণে তাঁর এই তারকেশ্বর সফরকে ঘিরে দলীয় মহলেও যথেষ্ট তাৎপর্য দেখা দিয়েছে।

